সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে নজিরবিহীন ধস নামায় অকৃতকার্য ও আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দিয়েছে। তারা চার দফা দাবিতে আজ রোববার সকাল ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েতের আহ্বান জানিয়েছে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন এর আগে ২০০৪ সালে পাশের হার ছিল ৪৭.৭৪ শতাংশ শুধু পাশের হার নয়, জিপিএ-৫ প্রাপ্তির হারসহ ফলাফলের সব সূচকেই এবারের ধস স্পষ্ট।

ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা আন্দোলনে নামার ঘোষণা দেয়। তবে আন্দোলনের মূল আয়োজকদের পরিচয় এখনো স্পষ্ট নয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো:
১. সাপ্লিমেন্টারি পরীক্ষা: ফল খারাপ হওয়া শিক্ষার্থীদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা।
২. খাতা পুনর্মূল্যায়ন: কেবল খাতা পুনর্নিরীক্ষণ নয়; বরং এমসিকিউ, সিকিউ ও প্র্যাকটিক্যালসহ সম্পূর্ণ পুনর্মূল্যায়ন করা।
৩. নম্বর বিভাজন প্রকাশ: ফেল করা বিষয়ের নম্বর মার্কশিটে আলাদাভাবে এমসিকিউ, সিকিউ ও প্র্যাকটিক্যাল ভাগে দেখানো।
৪. সম্মিলিত পাশের নিয়ম: সিকিউ ও এমসিকিউ মিলিয়ে সম্মিলিতভাবে পাশের নিয়ম চালু করা।

ফলাফলের সারসংক্ষেপ:
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অধিকাংশ বোর্ডেই পাশের হার রেকর্ড পরিমাণে কমেছে। ১১টি বোর্ডে গড় পাশের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম