ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দেশের সব সরকারি কলেজে আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব সরকারি ও বেসরকারি কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (১৩ অক্টোবর) রাতে কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনা দুঃখজনক এবং নিন্দনীয়। সংগঠনটি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকাসহ দেশের সব সরকারি কলেজের শিক্ষকরা আজ সর্বাত্মক কর্মবিরতিতে থাকবেন এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সব কর্মকর্তাকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। নেতারা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি শিক্ষাঙ্গনে ভয় ও অস্থিরতা তৈরি করে, যা রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।
এর আগে সোমবার (১৩ অক্টোবর) সকালেও ঢাকা কলেজ প্রাঙ্গণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রার সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি ঘটেছিল। এক শিক্ষার্থী শিক্ষককে উদ্দেশ্য করে ‘দালাল’ মন্তব্য করলে শিক্ষকরা তাকে কমনরুমে আটক করেন। পরে সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে উদ্ধার করেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
.png)








0 Comments